রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগকর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চিকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকালে এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় ছাত্র-জনতা আন্দোলন চলকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ করে। এতে লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হেয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।