বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জেলা তথ্য অফিসের কার্যক্রম সম্পর্কে ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে জেলা তথ্য অফিসের কার্যক্রম সম্পর্কে ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে মিঠাপুকুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। রংপুর জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিং এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নির্বাচনি ইশতাহার অনুযায়ী সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করছে। এসব কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সহকারী পরিচালক বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করেছেন। জাতীয় পর্যায়ের পাশাপাশি রংপুর জেলাতেও এসব কর্মসূচির অগ্রগতি দৃশ্যমান হতে শুরু করেছে।

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসাবে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম কর্মসূচির আওতায় ৬৮টি জেলা/উপজেলা তথ্য অফিসের উদ্যোগে ১৭ই ফেব্রুয়ারি থেকে ১১ই মে, ২০২৬ পর্যন্ত ১,০২১টি উঠান বৈঠক/কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, সরকার ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির ৩৪০টি উদ্‌বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার এবং ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব কর্মসূচির সফল বাস্তবায়ন ও প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। যথাযথ পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সরকারের এসব প্রতিশ্রুতি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মিঠাপুকুর উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।