সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এমপি'র দেয়া ত্রাণের টিন পেলেন প্রভাবশালী ব্যক্তিরা !


প্রকাশ :

লালমনিরহাট -২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের দেয়া ত্রাণের টিন পেলেন প্রভাবশালী শংকর কুমার নামের এক ব্যক্তি। শুধু শংকর কুমার নয়, এ তালিকায় আছেন ওয়ার্ড বিএনপির সভাপতি দধি প্রসাদ বর্মন নামের আরেক ব্যক্তিও।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের জন্য ৫০ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা করে আদিতমারী উপজেলায় বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দকৃত থেকে স্থানীয় সাংসদ রোকন উদ্দিন বাবুল তালিকা করেন। এ তালিকায় প্রথমেই নাম আসে প্রভাবশালী শংকর কুমার রায়ের। শংকর কুমার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাসিন্দা সাবেক ইউপি সদস্য দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তাকে এলাকায় প্রভাবশালী হিসেবেই সবাই চিনেন। তার রয়েছে পাকাবাড়ি ও কয়েক বিঘা আবাদি জমি। এছাড়াও তার স্ত্রী একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানাগেছে।

আরেক ব্যক্তি দধি প্রসাদ বর্মন। তার নাম রয়েছে ত্রাণের টিনের নামের তালিকায়। দধি প্রসাদ একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বাড়িও পাকা আর সজীব বাজারে রয়েছে একটি ঔষধের দোকান। 

সোমবার (৪ মে) সকালে সরেজমিন শংকর কুমার ও দধি প্রসাদের বাড়ী ঘুরে দেখাগেছে, দুজনেরই বাড়ী পাকা। এলাকাবাসী নাম প্রকাশ না করে এ প্রতিনিধিকে জানান, শংকরের পরিবারের মত লোকজন যদি ত্রাণের টিন পায় তাহলে হতদরিদ্র পরিবারগুলো কোথায় যাবে।

এবিষয়ে ত্রাণের টিন পাওয়া প্রভাবশালী শংকর কুমার এ প্রতিনিধিকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেন বলেন, এমপি মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাই তিনি দিয়েছেন। এর বাহিরে তিনি আর কোন কথা বলতে রাজি হননি।

ত্রাণের টিন পাওয়া বিএনপির সভাপতি দধি প্রসাদ বর্মনের মোবাইল (০১৭২৫৮৩০৯৯৫) ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) এনামুল হক জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারগুলো এসব ত্রাণের টিন পাওয়ার কথা। তিনি আরো জানান, যদি কোন প্রভাবশালী ব্যক্তি এসব ত্রাণের টিন পেয়ে থাকে তদন্ত করে প্রমাণিত হলে এসব টিন ও টাকা ফেরত নেয়া হবে বলে তিনি দাবী করেন।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, এসব তালিকা এমপি মহোদয় করেছেন আর আমরা শুধু বিতরণ করেছি মাত্র।

লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলের সাথে মোবাইল ফোনে কথা হলে, তিনি বিষয়টি দেখবেন বলে জানান।