সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে


প্রকাশ :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় জানান, ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার সক্রিয় রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি কনস্যুলেট যৌথভাবে বিষয়টি সমন্বয় করছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই সময়ে নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহও পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।