সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাঙ্গামাটিতে ছাত্রদলের সংঘর্ষে উত্তেজনা, এলাকায় ১৪৪ ধারা জারি


প্রকাশ :

রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এর জেরে দুপুর ১২টার দিকে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে নবগঠিত কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা শোডাউন নিয়ে সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তারা সরে গেলেও বিকেল ৩টার দিকে পুনরায় মিছিল নিয়ে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সংঘর্ষ এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। নতুন কমিটি ঘোষণার পর থেকেই বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।