লালমনিরহাটে রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ, লালমনিরহাট।
সোমবার (২০ এপ্রিল) অভিযানের প্রথম দিনে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুর আলমের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ১৮টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ০.২১ একর রেলভূমি উদ্ধার করা হয়।
বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীনে মোট ১০ হাজার ৮৯৮ একরের বেশি জমি রয়েছে, যার মধ্যে একটি বড় অংশ বর্তমানে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে পর্যায়ক্রমে এই অভিযান চালানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুর আলম জানিয়েছেন, রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। রেলের সম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।