লালমনিরহাট সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন কুলাঘাট বিশেষ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সাবরিখানা ব্রিজ এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালায়।
বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে—কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে একটি চোরাকারবারী চক্র মাদক পাচারের চেষ্টা করবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় মোটরসাইকেলযোগে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এ সময় চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত সিরাপের মূল্য ৪৪ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।