সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর আগে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন প্রয়োজনীয় প্রস্তুতির কথা তুলে ধরেন। তারা জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে।
পরীক্ষা চলাকালে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন নির্দেশনা জারি করেছে শিক্ষাবোর্ডগুলো। এর অংশ হিসেবে দেশের ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা ব্যবস্থাপনা ছিল। নতুন কেন্দ্রগুলোতেও সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা তদারকি আরও জোরদার করা যায়।