সারাদেশের ন্যায় রংপুরেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। হাম-রুবেলা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী ২০শে এপ্রিল থেকে ২০শে মে, ২০২৬ পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সোমবার (২০ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী। রংপুর সিটি কর্পোরেশন এই ক্যাম্পেইন আয়োজন করে।
ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিদের ব্রিফিংকালে মাহফুজ উন নবী চৌধুরী বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকা প্রদানে সময় প্রসঙ্গে তিনি বলেন, মাসব্যাপী এই ক্যাম্পেইন সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনে ৩৮টি গ্রুপে ২৮০টি কেন্দ্রে ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
অভিভাবকদের উদ্দেশে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নির্ধারিত বয়সের কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। টিকা গ্রহণের পর কোনো কারণে শিশু অসুস্থ হলে গুজবে কান না দিয়ে টিকাদান কেন্দ্রের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে অথবা শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
টিকাদান ক্যাম্পেইনে সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।