গত ১৮ এপ্রিল পুরানা পল্টনে দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টারের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারী সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, আন্তর্জাতিক হিউম্যানিস্ট বডির বাংলাদেশ প্রতিনিধি এ. কে. এম. শামসুদ্দোহা পাটোয়ারি, উপ-সমন্বয়ক মোহাম্মদ সেলিম রেজা, সদস্য শামসুল হক বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার '৭১), শেখ মোঃ আরীফ, খন্দকার মাহবুবুর রহমান হিমেল, নুরুন নাহার শিখা।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
১. প্রতিষ্ঠাবার্ষিকী পালন:
আন্তর্জাতিক হিউম্যানিস্ট স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যানিস্ট মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২ মে, শনিবার সেগুনবাগিচাস্থ ইউনিয়ন অফিসে বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী পথচারীদের জন্য ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা এবং প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন দূর করতে খাবার স্যালাইন বিতরণ করা হবে।
২. ম্যানুয়াল বই বাংলায় রূপান্তর:
‘দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট’-এর ম্যানুয়াল বইটি বাংলা পরিভাষায় রূপান্তর করেছেন কমিটির সদস্য শামসুল হক বসুনিয়া। বইটি পুনরায় পরীক্ষণ ও মাধুর্যতা সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার মাহবুবুর রহমান হিমেল, মোহাম্মদ সেলিম রেজা এবং নুরুন নাহার শিখাকে। এছাড়া সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে সম্পাদনা করে বইটি দ্রুত প্রকাশনার ব্যবস্থা করা হবে।
৩. কক্সবাজার স্কুল পরিদর্শন:
আগামী ১৪ মে কক্সবাজার হিউম্যানিস্ট স্কুল পরিদর্শনের জন্য ঢাকা থেকে হিউম্যানিস্ট মুভমেন্টের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে কক্সবাজার যাবেন। আগ্রহী ব্যক্তিদের আগামী ২ মে, শনিবারের মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানানো হচ্ছে।
৪. পাকিস্তান ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ:
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র লাহোরের আলীগড় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ডে “শান্তি ও অহিংসার জন্য দ্বিতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” আয়োজিত হবে। হিউম্যানিস্ট মুভমেন্টের বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে ৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।