রংপুর সিটি কর্পোরেশনসহ জেলায় তিন লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচী বাস্তবায়নে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা জানান, দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার থেকে আগামী ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে টিকা দেয়া হবে। পূর্বে টিকা নেয়া ৬ মাস থেকে ৮ মাস বয়সী শিশুদের অতিরিক্ত ডোজ হিসেবে টিকা নিতে হবে। শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলার ১ হাজার ৪৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১ হাজার ৮২২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। অপরদিকে সকালে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন সংবাদ সম্মেলন করে জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। নগরীতে ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যে মাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এ সময় ভ্যাকসিনের কারণে কোন পাশর্^ প্রতিক্রিয়া দেখা দিলে আতংঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যোগাযোগের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।