রংপুরে বজ্র্যপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৮ এপ্রিল) সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার মৎসজীবি মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। এসময় ওই এলাকার ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎসজীবিরা। তা দেখতে সেখানে ভির করেন স্থানীয় শিশুসহ ১৫-২০ জন। একজন আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন। এর মধ্যে বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ অন্তত ১১ জন আহত হন।
তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৎসজীবি ও মিলন মিয়া ও কৃষক তালেব উদ্দিন। কৃষক তালেব ঘটনার সময় আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মিজানুর রহমান জানান, হাসপাতালে যখন আনা হয় তখনই আমরা ২ জনকে মৃত অবস্থায় পাই। আহতদের মধ্যে ৩ জন শিশু আছেন। যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস কর্মীরাও যায়। এ ঘটনায় ২ জন মারা গেছে। আহতদের মিঠাপুকুর ও রংপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।