সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মারপিটের ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিল স্বামী, হত্যা মামলায় গ্রেফতার-৩


প্রকাশ :

রংপুর র‌্যাবের অভিযানে হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, নীলফামারী সৈয়দপুর উপজেলার কয়া গোলাহাটের মোর্শেদের ছেলে রায়হান রিতু (৩০), ইসলামাবাদের সেলিম মিয়ার ছেলে মোঃ জসিম (৩২) ও গোলাহাট রেলওয়ে কলোনীর মোর্শেদুল হকের ছেলে মোঃ জিতু (৩৪)। রবিবার দুপুরে তাদের নীলফামারী সৈয়দপুরের ধলাগাছ মতির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, যৌতুকের দাবীতে রায়হান রিতু তার স্ত্রী শিমু আক্তারকে (৩১) বিভিন্ন সময় শারীরিক-মানসিক নির্যাতন করে আসতো। গত ৯ এপ্রিল সকালে শিমুকে মারপিট করে গুরুতর আহত করে স্বামী রিতু। বিষয়টি ধামাচাপা দিতে তিনি শিমুর মুখে বিষ ঢেলে দেয় এবং চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরের দিন ১০ এপ্রিল শিমু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাটি জানতে  পেরে শিমুর বাবা বাদী হয়ে নীলফামারী সৈয়দপুর থানায় একটি মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মামলার প্রধান আসামী রায়হান রিতুসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আসামীদের গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।