রংপুর প্রেস ক্লাবের ভবন নির্মাণ তহবিল থেকে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের বিষয়টি জানার পর মঙ্গলবার গভর্নিং বডির জরুরি সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ রউফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং জ্যেষ্ঠ শিক্ষক একেএম মনসুরুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত রোববার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আব্দুর রউফ সরকার। বিচারক মো. রফিকুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রউফ সরকার ২০২০ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন। একই সময়ে সাধারণ সম্পাদক ছিলেন রফিকুল ইসলাম সরকার। তাদের যৌথ স্বাক্ষরে প্রেস ক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণকাজের জন্য ১ কোটি ৩ লাখ ৫১ হাজার ৩৫২ টাকার আংশিক ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।
পরবর্তী কমিটির সিদ্ধান্তে ওই হিসাব তিন দফা অভ্যন্তরীণ অডিট এবং পরে জেলা সমবায় ও বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে যাচাই করা হয়। এতে দেখা যায়, মোট ব্যয়ের মধ্যে ২৮ লাখ ২০ হাজার ৫১৩ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠে, যার সঙ্গে তৎকালীন কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার জড়িত।
রংপুর পিবিআই আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফিরোজ কবীর ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৩০ আগস্ট আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
বাদীপক্ষের আইনজীবী মিন্নাৎ খানম মুক্তা বলেন, পিবিআই তদন্তে আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং আদালতে তা উপস্থাপন করা হয়েছে। আদালত সেই ভিত্তিতেই আসামির জামিন নামঞ্জুর করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর বাংলা কলেজের সভাপতি ডা. শরিফুল ইসলাম নন্তু বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর মঙ্গলবার কলেজের গভর্নিং বডির জরুরি সভা আহ্বান করা হয়। সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।