লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে। বিগত ২০ বছর আগে স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের একটি বাড়ি রয়েছে। বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনেই একা অবস্থান করছিলেন তিনি। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান।
আজ রোববার সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক (গেট) খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটিকে অস্বাভাবিক ও হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।" এসময় তিনি আরো বলেন,সুরতহাল রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।