সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদযাত্রায় ডিএমপির কঠোর নির্দেশনা


প্রকাশ :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছেড়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাসমালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাস টার্মিনালকেন্দ্রিক বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায় এবং দুর্ঘটনা এড়াতে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি এবং বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া পণ্যবাহী ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের বেপরোয়া গতি এড়িয়ে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। রাস্তার বাঁক, সরু সেতু ও নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, কোনো চালককে একটানা পাঁচ ঘণ্টা বা দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। নেশাগ্রস্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানোও নিষিদ্ধ করা হয়েছে।

চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন, ইয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি কোনো অবস্থাতেই উল্টো পথে গাড়ি চালানো যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

যাত্রীদের জন্যও ছয় দফা সতর্কতা জারি করেছে ডিএমপি। নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টার থেকে বাসে ওঠা, নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে উপস্থিত হওয়া এবং অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিজ নিজ মালামাল নিজের দায়িত্বে রাখার পাশাপাশি চলন্ত গাড়িতে ওঠানামা না করতেও বলা হয়েছে।

পণ্যবাহী বা পশুবাহী যানবাহনে যাত্রী হয়ে যাতায়াত না করার অনুরোধ জানিয়ে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পথচারীদের জন্যও আলাদা নির্দেশনা দিয়েছে ডিএমপি। রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলা বা দৌড়ানো থেকে বিরত থাকতে এবং ফুটপাত ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

ঈদযাত্রায় কোনো জরুরি পরিস্থিতিতে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি। পাশাপাশি সবার সহযোগিতায় নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।