স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সাথে একীভূতের প্রস্তাবের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শামীম, সিনিয়র স্টাফ নার্স শাকিলা পারভীন, শিক্ষার্থী মনিষা রানীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও অধিদপ্তরের আওতায় নার্স ও মিডওয়াইফরা চাকুরী করে আসছেন। এ পেশার মান্নোয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। বর্তমানে ভিন্ন মন্ত্রণালয়ে এই অধিদপ্তরকে একীভূত করলে নার্সিং পেশার উন্নয়ন ও মর্যাদা ক্ষুন্ন হবে। নার্স ও মিডওয়াইফরাদের পেশাগত নানা সমস্যা সমাধানে জটিলতা তৈরীসহ বৈষম্য সৃষ্টি হবে।
তারা আরও বলেন, নার্সরা হাসপাতালের প্রাণ। করোনাকালে তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে গেছে। অথচ নার্সিং পেশার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলা লক্ষ্য করা গেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার প্রস্তাবে বুধবার থেকে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’ঘন্টার কর্মবিরতি পালিত হচ্ছে। এর মধ্যে দাবী আদায় না হলে আগামী ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবে নার্সরা। আর এতে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হলে তার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে।