প্রচার-প্রচারণায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়াতে রংপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু।
বুধবার (২৬ নভেম্বর) সকালে আরসিসিআই হলরুমে রংপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ছাত্র দলের আহ্বায়ক ইমরান আহমেদ সুজনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের হাইকমান্ড সামসুজ্জামান সামুকে দলীয় মনোনয়ন দিয়েছে। অপরদিকে মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন দলের চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী। তার কর্মী-সমর্থকরাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। পছন্দ-অপছন্দ যাই হোক না কেন চুড়ান্তভাবে যেই মনোনিত হবে, তার পক্ষে ধানের শীষের বিজয়ে কাজ করবে নেতাকর্মীরা। সেই সাথে জাতীয় পার্টির দখলে থাকা এ আসনটি পুনঃরুদ্ধারে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানানো হয়।
রংপুর-৩ সদর আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, দলীয় নেতাদের পরামর্শ নিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী করা যায়, কর্মীদের সাথে দুরুত্ব কমিয়ে আনা যায় সেই কাজ করা হবে। আমি মনেকরি আমাদের মধ্যে কোন মনমালিন্য নেই। আমাদের মধ্যে মন খারাপ থাকতে পারে। একটি প্রতিযোগিতায় যিনি বিজয়ী হন তার মন ভাল থাকে। আর যিনি বিজিত হন তার মন একটু খারাপ থাকে। এটাই স্বাভাবিক। তবে দলীয় সিদ্ধান্তে মন খারাপ একদিন-দু’দিন থাকতে পারে, সেটি যুগের পর যুগ থাকতে পারে না। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী জয়ী হবে ইনশা আল্লাহ।