শীতকালীন ছুটি নির্ধারিত সময়ে বহাল রেখে ছুটির আগে ও পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ব্রাকসু নির্বাচনের দাবীতে পৃথক কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বর থেকে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থী মাসুদ রানা, রুমন মিয়া, স্বাধীন ইসলামসহ অন্যরা জানান, শীতকালীন ছুটি নির্ধারিত সময়ে এবং ব্রাকসু নির্বাচন উৎসব মুখর করতে ছুটি পরবর্তী যৌক্তিক সময়ে সময় নির্ধারনের জন্য সহস্রাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর করেছে। ব্রাকসু নির্বাচনের জন্য শীতকালীন ছুটি পেছালে প্রাইভেট পড়িয়ে লেখাপড়া করা শিক্ষার্থীরা যথা সময়ে প্রাইভেট পড়ানো শুরু করতে না পেরে উপার্জনের সুযোগ হারাবে। শিক্ষক-কর্মকর্তারাও যথা সময়ে শীতকালীন ছুটি চান বলে জানান শিক্ষার্থীরা।
অপরদিকে ব্রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আহমাদুল হক আলভী জানান, শীতকালীন ছুটি পিছিয়ে ব্রাকসু নির্বাচন উৎসবমূখর ও অংশগ্রহণমূলক হবে না। শীতকালীন ছুটি পূনবর্হাল রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রাকসু নির্বাচন এগিয়ে নেয়ার আহ্বান জানানো হলে প্রশাসন আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। এছাড়া শিক্ষার্থীদের ১৭টি যৌক্তিক দাবী উপস্থাপনসহ দাবী আদায়ে আন্দোলন করা হলে প্রশাসন শুধুমাত্র আশ্বাস দিয়েই চলেছে। ব্রাকসু নির্বাচন এগিয়ে নেয়াসহ শিক্ষার্থীদের দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয়।