লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় তারকাঁটার বেড়া কাটতে গিয়ে গরু চোরাকারবারি লাভলু হোসেন (৪০) বিজিবির হাতে আটক হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বুড়া সরাডুবি এলাকায় তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তের তারকাঁটার বেড়া কাটতে গেলে বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আটককৃত লাভলু হোসেনের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়া সরাডুবি গ্রামে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি তারকাঁটা কাটার কাটিং প্লায়ার্স, ১টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড।
বিজিবির দাবি, লাভলু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সঙ্গে জড়িত। তাকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬১ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সীমান্তে গরু চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।