নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার কয়লার কলে হঠাৎ বিস্ফোরণে ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় কারখানায় নিয়মিত কাজ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন আতিকুর রহমান (৪২), তোরাব আলী (৫৫), ফেরদৌস (৩৫), তাজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫) ও নাহিদ হাসান (২২)। দুর্ঘটনার পর রাত ৯টার দিকে তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
শ্রমিকদের সহকর্মী মোবারক হোসেনের ভাষ্য, কয়লা পিষে গুঁড়া করার সময় হঠাৎ ভেতরে বিস্ফোরণ হয়। আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়তেই কয়েকজন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের শরীরে ক্ষত ব্যাপক। নাহিদ হাসানের ৪০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ, কামালের ২৬ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, তাজুল ইসলামের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ অংশ পুড়ে গেছে। সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত।
বন্দর উপজেলার ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, কয়লার কলে বিস্ফোরণের পর শ্রমিকদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে উত্তপ্ত কয়লা ছিটকে পড়ে শ্রমিকরা দগ্ধ হন।
ঘটনা নিয়ে বসুন্ধরা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।