রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অরক্ষিত রাজারহাট রেলওয়ে স্টেশনে হরহামেশাই দুর্ঘটনা: মৃত্যু-১


প্রকাশ :

অরক্ষিত ও প্ল্যাটফর্মবিহীন রাজারহাট রেলওয়ে স্টেশনে আবারও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল পৌনে দশটার দিকে চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন ষাটোর্ধ্ব ইউনূস আলী। স্থানীয়রা তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

এর আগের দিন বুধবার রাজারহাট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে চলন্ত ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনাও ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজারহাট রেলওয়ে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই। পাশাপাশি ষ্টেশনের পশ্চিম দিকে রেললাইনের দুই পাশে হাটবাজার বসে। রেলপথ সংকুচিত করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। সামান্য অসাবধানতাতেই ঘটে যাচ্ছে প্রাণঘাতী দুর্ঘটনা। বর্ষায় রেললাইন তলিয়ে যায়, ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত বছর মণ্ডলের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হলেও রাজারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এখনও কোনো অভিযান হয়নি। প্ল্যাটফর্ম থাকলে মানুষ চলাচলে সচেতন থাকত। এখন দেখলে মনে হয় এলাকা যেন চারণভূমি, যেখানে গরু-ছাগল চরানো হয় এবং নানা ব্যবসা চলে। জীবন ঝুঁকিতে থাকা সত্ত্বেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। কয়েক বছর আগে লুপ স্থাপন করা হলেও কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম ও স্টেশন ভবন এখনও নির্মিত হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিআরএমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।