লালমনিরহাট আদিতমারীতে জমির ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডাঃ আব্দুল আজিজের বাড়ী থেকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচ কাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৫/৬শত গ্রাম গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারনা।
কৃষক ডাঃ আজিজ (৭৫) জানান, সকালে নিজ জমিতে সেচের জন্য ড্রেনের কাজ করতেছিলাম। কুদালের মাটি খুড়তেই হঠাৎ অজ্ঞাত বস্তুটি উঠে আসে। আমার ধারনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার বাড়ীর পার্শ্ববর্তি বাড়ীতে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল। আমি তাদের সাথে থেকে বিভিন্ন কাজে সহযোগি হিসেবে কাজ করেছিলাম। সে সময় আমি দেখতাম তারা গ্রেনেড নিক্ষেপ করে পাকিস্থান হানাদার বাহিনী আসার পথে বিভিন্ন বড় বড়,ব্রীজ,কালভার্ট গ্রেনেড নিক্ষেপ করে ধংস করে পাকিস্থানীদের আসার পথ বন্ধ করে দিয়েছিল। হয়তো বা সে আমলের মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত গ্রেনেড হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পরিত্যক্ত গ্রেনেডটি ৭১ সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ফেলে যাওয়া হতে পারে। পরিত্যক্ত গ্রেনেডটি পরবর্তিতে বিধি মোতাবেক ডিসপাস করা হবে। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। গ্রেনেডটি কোথা থেকে এল বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি করা হবে।