রংপুরে বৃদ্ধ হত্যা মামলার আসামি তৈয়ব আলীকে (৩৬) আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গঙ্গাচড়া উপজেলার কুটিরঘাট ঘাঘট নদীর তীরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তৈয়ব আলী দক্ষিণ বেতগাড়ি শাহপাড়া গ্রামের চটকুমিয়ার ছেলে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ বেতগাড়ি শাহপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ সাজু মিয়ার সঙ্গে তৈয়ব আলী ও তার সহযোগীদের আর্থিক লেনদেন নিয়ে ঝগড়াসহ কথাকাটাকাটি হয়। এরই জেরে ১৭ মে সন্ধ্যায় তৈয়ব আলীসহ তার সহযোগীরা সাজু মিয়াকে মোবাইল ফোনে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। সাজু মিয়া হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকায় তাকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে রাখে। ওই দিন দিবাগত রাত ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব। এদিকে মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় তৈয়ব আলীসহ তার সহযোগীরা। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মঙ্গলবার তৈয়ব আলীকে আটক করে র্যাব।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।