লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘উত্তরের সংযোগ’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন প্রেস ফাইভ। জেলার পাঁচটি উপজেলা এবং সেখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত পরিবেশ, দক্ষতা, ঝুঁকি ও নানামুখী চ্যালেঞ্জ মাথায় রেখে এই সংগঠনের পথচলা শুরু হলো।
সোমবার ১৭ নভেম্বর রাত ১০টার দিকে সংগঠনের উপদেষ্টা, নিউজ–২৪ ও বাসসের রংপুর সংবাদদাতা রেজাউল করিম মানিক প্রেস–৫ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
গাজী টিভির লালমনিরহাট প্রতিনিধি ও জেলার সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। সদস্য সচিব হয়েছেন নূর আলমগীর অন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং বাংলাট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলম।
কমিটির ঘোষণাপত্রে যে নামগুলো অন্তর্ভুক্ত হয়েছে—
রাহেবুল ইসলাম টিটুল (চ্যানেল এস), সাইফুল ইসলাম সবুজ (দৈনিক ডেসটিনি), রবিউল হাসান (নিউজ ২৪), রকিবুল ইসলাম, মাহির খান (রংপুর সংবাদ), তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল (স্টাফ রিপোর্টার, লালমনিরহাট বার্তা), আব্দুল মান্নান (ডেইলি টাইমস)।
লিখিত ঘোষণায় জানানো হয়, এই আহ্বায়ক কমিটি প্রেস–৫ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়নসহ সব ধরনের দায়িত্ব পালন করবে।
প্রেস ফাইভের তিন প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন সাহিত্যিক ও শিক্ষক ড. হাসানুজ্জামান জুয়েল, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক।
উপদেষ্টারা বলেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে এটি কার্যকর ভূমিকা রাখবে।