রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধানমন্ডি ৩২–এ বুলডোজার নিয়ে উত্তেজনা, পুলিশ–সেনার অভিযান


প্রকাশ :

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা থেকে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়।

দুপুর ১২টার দিকে ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের ব্যানারে কয়েকজন তরুণ দুইটি বুলডোজারসহ ৩২ নম্বর সড়কের দিকে এগোতে থাকেন। ট্রাকের ওপর দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছিলেন তারা। নিরাপত্তা বাহিনী বাধা দিলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। কিছু সময় পরে সেনা সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্ত হন।

পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করতে লাঠিচার্জ ও একাধিক সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এই সময় বিক্ষোভকারীদের নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত গ্রেনেড বিস্ফোরণে এক সেনা সদস্য আহত হন। তার পায়ের পাতায় রক্তক্ষরণ দেখা যায়।

চাপ বাড়লে বিক্ষোভকারীরা পিছু হটে। এরপর ধানমন্ডি ৩২-এর দুই প্রান্ত ঘিরে ফেলে পুলিশ ও সেনা সদস্যরা। আনা দুই বুলডোজারের একটি ট্রাকেই পড়ে থাকে, আরেকটির চালক বুলডোজার রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।

তবে পরিস্থিতি থেমে থাকেনি। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা আবার মিরপুর সড়কের প্রবেশমুখ অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। কঠোর নিরাপত্তার কারণে ৩২ নম্বর সড়কের সামনে কাউকে দাঁড়াতেও দেওয়া হয়নি। দুপুর ২টার দিকে আবার উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টানা কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তারা ভবন ভাঙার উদ্দেশ্যে এসেছিল। নিরাপত্তা বাহিনী প্রথমে বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেছিল।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার ছয় মাস পূর্তিতে, ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ নামে আরেক দফা হামলায় ভবনটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।