লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সুপেয় পানির সংকট মোকাবিলায় মসজিদ ও মাদ্রাসায় অজুখানা নির্মাণে সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সরকারি আলিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ৪০টি মসজিদ ও মাদ্রাসার জন্য নলকূপ ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ছওয়াব’-এর সহকারী ব্যবস্থাপক মো. মাহমুদ ভূঁইয়া। প্রজেক্ট অফিসার মো. শাহাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সমাজসেবক মো. আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সাতা, শিক্ষা অনুরাগী মো. রফিকুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘ছওয়াবের’ এই উদ্যোগ কেবল মানবিক নয়, ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “লালমনিরহাটে নিম্নআয়ের মানুষের সংখ্যা বেশি, তাই এমন মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।” তিনি ছওয়াবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলার বন্যাকবলিত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুপেয় পানির অভাবে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান অজুখানা নির্মাণে সমস্যায় পড়ছে। ছওয়াবের এই উদ্যোগ সেই সমস্যা লাঘবে বড় ভূমিকা রাখবে।