রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজিজুল হক সরকারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, গত ১২ নভেম্বর সকালে বদরগঞ্জ থানা পুলিশ রংপুর-২ আসনের সাবেক এমপি ডিউক চৌধুরীর আমবাগানে অভিযান চালিয়ে বদরগঞ্জ মোস্তফাপুর বারো বিঘা গ্রামের হাফিজ উল্লাহ সরকারের ছেলে আওয়ামী লীগ নেতা আজিজুল হক সরকারকে গ্রেফতার করে।
এ ঘটনায় ১২ নভেম্বর তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন, নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে সভার আয়োজন, ব্যক্তি ও সরকারী সম্পত্তি ক্ষতিসাধন করায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্র ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। গ্রেফতারকৃত আজিজুল হক সরকারকে আদালতে উপস্থাপন করা হলে তাকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।