লালমনিরহাটে গত দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লালমনিরহাট সদর থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও আদিতমারী থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কর্মী মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ন রায় ও তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য গোলজার হোসেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী বলেন, আমরা চারজনকে গ্রেফতার করেছি। তারা বিভিন্ন মামলার আসামি। সংগঠনগত পরিচয় নিয়ে মন্তব্য করতে চাই না।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।