ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসচালক জুলহাস মিয়া নিহত হওয়ার পর এবার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (৩৬) ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও আদর্শ বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুজনুজ্জামান।
এর আগে সোমবার গভীর রাতে ফুলবাড়িয়ার ভালুকজান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের বাসে মুখোশ পরা তিন যুবক পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে বাসে ঘুমন্ত অবস্থায় থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে মারা যান।
৪০ বছর বয়সী জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাস চালকের কাজ করছিলেন এবং পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি চরম সংকটে পড়েছে।
নিহতের ছোট বোন ময়না আক্তার মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
ঘটনার পর সকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন যুবক মুখে মাস্ক পরে এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাসের যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) বাসে ছিলেন। আগুন লাগার পর তারা জানালা ভেঙে বেরিয়ে আসেন। এতে রুমকি মাথায় আঘাত পান এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি রুজনুজ্জামান বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। বাকি দুইজনকে চিহ্নিতের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে।”