রংপুরে অটোরিক্সা চোর চক্রের মূল হোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, নগরীর বাহারকাছনা তেলিপাড়ার নবাব আলীর ছেলে হামিদুল ইসলাম, গাইবান্ধা উত্তর হরিণ সিংহা গ্রামের মতিউর রহমানের ছেলে সুজন মিয়া, গঙ্গাচড়া গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত গ্রামের আব্দুল আজিজের ছেলে নুর ইসলাম, বুড়িরহাট কোবারু এলাকার হোসেন আলীর ছেলে জহুরুল ইসলাম, গঙ্গাচড়া রাজবল্লভ এলাকার আজিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান, আব্দুল মাজেদের ছেলে মুনমিয়া এবং নগরীর চড়ার হাট এলাকার ফজলুল হকের ছেলে ফারুক হোসেন। তাদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আবু সাইম।
তিনি জানান, অটোরিক্সা চালককে চেতনা নাশক খাইয়ে অটোরিক্সা চুরির ঘটনায় গত ১৫ অক্টোবর বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। সোমবার বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় থানা পুলিশ ও ডিবি’র আভিযানিক দল নগরীর সিগারেট কোম্পানী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা হামিদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যে কাউনিয়া রেলগেট এলাকা থেকে চক্রের সদস্য সুজন মিয়াকে চুরি যাওয়া একটি রিক্সাসহ গ্রেফতার করা হয়। তাদের দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে চুরিকরা অটোরিক্সা কেনা বেচার সাথে জড়িত নুর ইসলাম ও জহুরুলকে নগরীর ময়নাকুটি এবং পরবর্তীতে অপর আসামী আতিয়ার, মুনমিয়া ও ফারুককে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আবুসাইম বলেন, চোর চক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় প্রতারণার আশ্রয় নিয়ে চেতনানাশক ঔষধ ব্যবহার করে অটো চালকদের হত্যাসহ অটোরিক্সা চুরিকরে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ চক্রের অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।