রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর না করায় জেলা প্রশাসকের আহূত প্রস্তুতি সভা বর্জন


প্রকাশ :

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশপত্র থাকা সত্ত্বেও লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়কের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর না করায় জেলা প্রশাসকের আহূত ১৬ ডিসেম্বরের প্রস্তুতি সভা বর্জন করা হয়েছে।

গত ৪ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার স্বাক্ষরিত এক পত্রে ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় যোগ দেওয়ার জন্য লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ককে আমন্ত্রণ জানানো হয়।

জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম গেরিলা লিডার ’৭১ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তরের বিষয়ে জেলা প্রশাসককে একাধিকবার লিখিতভাবে জানালেও কোনো উত্তর পাননি।

এ অবস্থায় তিনি গত ১০ নভেম্বর জেলা প্রশাসক বরাবর পাঠানো এক পত্রে জানান, ভবনটি হস্তান্তর না করায় তিনি প্রস্তুতি সভায় অনুপস্থিত থাকবেন না। ওই পত্রে জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসের তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের আগে জেলা আহ্বায়ক কমিটিসহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সাথে মতামত নেওয়া বৈঠক অত্যাবশ্যক। কিন্তু ভবনটি হস্তান্তর না করায় মুক্তিযোদ্ধারা অন্যত্র মতবিনিময় সভা করতে অপারগতা প্রকাশ করেছেন।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরও অজ্ঞাত কারণে জেলা প্রশাসক গত দুই মাস ধরে কমপ্লেক্স ভবনটি হস্তান্তর না করায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রম ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।