বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সব মার্কা ভেসে যাবে, একমাত্র ধানের শীষ মার্কা রয়ে যাবে। ধানের শীষ মার্কা হলো এ দেশের কোটি কোটি মানুষের একটি জনপ্রিয় মার্কা।
তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর সাতপাটকী রহমতিয়া জামে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উত্তর সাতপাটকী রহমতিয়া জামে মসজিদের সভাপতি আলতাফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম চাঁন ও দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।
দুলু বলেন, আপনাদের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছে, এবং সে লড়াইয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে। এজন্য মানুষের মন জয় করে বিএনপি একটি জনপ্রিয় ও ভালোবাসার দলে পরিণত হয়েছে।
মসজিদের মুসল্লিদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আমরা ১৭ বছর সরকারের বাইরে ছিলাম। আমরা কোনো কথা বলতে পারিনি। কথা বললেই বিভিন্ন হামলা-মামলা করত। নেতা-কর্মীরা মামলার ভয়ে রাতে বাড়িতে থাকতে পারত না। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তাদের আমলে কোনো কাজ হয়নি। তারা শুধু লুটপাট ও দুর্নীতি করেছে, আর দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এমনকি বিগত আওয়ামী লীগের আমলে তারা মসজিদ-মন্দিরের অনুদান তুলে আত্মসাৎ করেছিল। সে কারণে আগামী সংসদ নির্বাচনে সব মার্কা ভেসে যাবে, একমাত্র ধানের শীষ মার্কা জোয়ারে পরিণত হবে। মানুষ এখন তাদের তৈরি নৌকা, লাঙ্গল আর দাড়ি-পাল্লা ব্যবহার করতে চায় না। এগুলো ফেলে দিয়ে তারা যান্ত্রিক জিনিস ব্যবহার করছে। এজন্য এসব মার্কার আর প্রয়োজন নেই। একমাত্র ধানের শীষ মার্কা এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে থাকবে। ধানের শীষ হলো খোদাতালার দেওয়া সৃষ্টি। এটি কোনোদিন ভেস্তে যাবে না, যা খেয়ে মানুষ বেঁচে থাকে।
তিনি আরও বলেন, সামনে আমন মৌসুমে কৃষকের ধান কাটার ধুম পড়ে যাবে। তখন তারা আনন্দে ধান কেটে বাড়িতে এনে গোলাভরে রাখবে। এ কারণে ধানের শীষ মার্কা হলো সবচেয়ে জনপ্রিয় মার্কা। আপনাদের ভোটাধিকারের জন্য আমরা অনেক আন্দোলন করেছি এবং সে আন্দোলনে আমরা জয়ী হয়েছি। আজ আপনাদের কাছে কেন ভোট চাইতে হবে! নিজেরাই আনন্দে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। তাই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।