রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রাম সীমান্তে এবার ছররা গুলি ছুড়ল বিএসএফ, ৩ বাংলাদেশি আহতের অভিযোগ


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে তিন থেকে চারটি ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এতে তিনজন বাংলাদেশি আহত হওয়ার কথা শোনা গেলেও বিস্তারিত জানা সম্ভব হয়নি। তাঁরা গোপনে রংপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর ভোরে একই ইউনিয়নের সীমান্তে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। ৫ দিনের মাথায় আবারও গুলি ছোড়ায় ওই এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে।


এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। বিএসএফ পতাকা বৈঠকে বসতে সম্মত হয়নি। পরবর্তীতে সময় জানাবে বলে জানিয়েছে বিএসএফ।  

স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানার সীমান্ত সংলগ্ন গ্রাম পকেটপাড়া। বাংলাদেশ- ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩-এর সীমান্ত এলাকার শূন্যরোখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা সোমবার সকাল ৬ টার দিকে তিন থেকে চারটি ছররা গুলি ছোড়ে। ভোর সকালে গুলির শব্দ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে বাংলাদেশি গরু পারাপারকারী তিনজন আহতের কথা উঠলেও বিজিবি এ কথা অস্বীকার করেছে।  

সীমান্তে আহতরা বরাবরই অতি গোপনে চিকিৎসা নেওয়ায় তাঁদের ব্যাপারে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনোকিছু জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রীরামপুর ইউনিয়নের এক ব্যক্তি বলেন, নামাজ পড়ে ফেরার পথে দেখি  মোটরসাইকেলে করে  গুলিতে আহত ব্যক্তিদের নিয়ে যাচ্ছে।,

ঘটনা জানার পরপরই রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের ও শমসেরনগর কোম্পানি সদরের সদস্যরা ঘটনাস্থলে যায়। বেলা ১২ টায় ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের রতনপুর ক্যাম্পের কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। জবাবে বিএসএফ পরবর্তীতে সময় বলবেন বলে জানায়।   

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘গুলি ছুড়েছে এ ঘটনা জানার পরপরই সীমান্তে যাওয়া হয়। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। বিএসএফ পরবর্তীতে সময় দিবে বলে জানিয়েছে।’