রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তি ব্যবসায়ী তারিক সাইফ মামুন


প্রকাশ :

পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার বুকে একাধিক গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার আহসান উদ্দিন সামি জানান, নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

নিহতের পরিচিত ফাইজুল হক অপু বলেন, “সকালে মামুনের ফোন থেকে আমাকে খবর দেওয়া হয় যে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।”

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তারিক সাইফ মামুনের বাবার নাম এসএম ইকবাল। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তারা দৌড়ে গিয়ে দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।