খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে মহানগরীর বয়রা বাজারের শেরের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুরাইয়া চিকিৎসার জন্য যশোরের অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে বয়রা বাজারের কাছে শেরের মোড়ে ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে শ্বাসরোধ হয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।