লালমনিরহাটের আদিতমারীতে ঋণের টাকা শোধ করতে না পেরে লিপন চন্দ্র ওরফে দ্বীপ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাটিটারি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের ছেলে।
স্থানীয়রা জানান, লিপন ঢাকার ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন। চাকরির পাশাপাশি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এতে বিপুল ঋণের দায়ে জর্জরিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। ঋণের টাকা শোধ করতে না পেরে এবং পাওনাদারদের চাপের মুখে তিনি শুক্রবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরের দিন শনিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
লিপনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীরা জানান, লিপন ছিলেন ভদ্র ও মেধাবী স্বভাবের মানুষ। কিন্তু অনলাইন জুয়ার নেশাই তার জীবনের করুণ পরিণতি ডেকে এনেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।