রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


প্রকাশ :

কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুষভান্ডার খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলটির ৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

বিক্ষোভ মিছিলটি লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও কালীগঞ্জ-আদিতমারী আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর নেতৃত্বে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট লুটপাট বন্ধ হবে। এটি জেলা, বিভাগ বা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে প্রয়োগ করা যেতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আরেক স্বৈরাচারের জন্ম হবে।”

কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু মুসা আনছারী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার লাভলু, মাওলানা মকসুদার রহমান, হাফেজ মাওলানা মোজাহেরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আতা ই রাব্বী হৃদয়।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।