রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ধরলা নদীতে গোসল করতে নেমে শহিদ মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া বকশীটারী এলাকার ফয়জার রহমান ও তাঁর স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফয়জারের শ্যালক শ্যামল হোসেনের বিয়ে উপলক্ষে তাঁর ছেলে শহিদ দুই দিন আগে নানার বাড়ি—পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্যইসলামপুর গ্রামে আসে। বিয়ের দিন স্ত্রীকে নিয়ে ফয়জারও শ্বশুরবাড়িতে আসেন।

পরদিন মঙ্গলবার দুপুরে ফয়জার, তাঁর ছেলে শহিদ, শ্যালক এবং আরও এক কিশোর বাড়ির পাশের ধরলা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় শহিদ ও অপর কিশোর হঠাৎ নদীর গভীর গর্তে তলিয়ে যায়। এ সময় ফয়জার কিশোরটিকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজ ছেলেকে আর বাঁচাতে পারেননি। খবর পেয়ে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে শহিদের নিথর দেহ উদ্ধার করে।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে কিশোর শহিদের মৃত্যুর ঘটনা সত্য। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।