র্যাব-১৩ এর দুটি পৃথক অভিযানে ৩৩ দশমিক ৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রংপুর ও লালমনিরহাটে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, প্রথম অভিযানটি চালানো হয় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে। সেখানে একটি সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার ও সিএনজিটি জব্দ করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—আ. বারিক (২৫), মো. মুস্তাকিম (২১) ও মো. রাকিবুল ইসলাম (১৯)।
অন্যদিকে রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। একটি ট্রাকের কেবিনে লুকানো ১৩ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার হন আরও তিনজন—মো. ওহিদুল বিশ্বাস (৫০), মো. তরিকুল ইসলাম (৩৮) ও মো. সাবান আলী (৪৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজা ও যানবাহনসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।