জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমানকে মওদুদিবাদি জামায়াত–রাজাকার চক্রের পক্ষ থেকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন, ডা. জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও ধর্মবিরোধী অপবাদ দেয়া মানবতার পরিপন্থী, স্বৈরাচারী ও জঙ্গিবাদী আচরণ। জীবনের নিরাপত্তা ও বাকস্বাধীনতা আল্লাহপ্রদত্ত মৌলিক অধিকার—এগুলো হরণ করার মানসিকতা ইসলামের নয়, বরং নাস্তিক্যবাদী ও অমানবিক প্রবণতা।
আল্লামা ইমাম হায়াত বলেন, “কেউ যদি মানুষ হত্যার হুমকি দেয় বা হত্যা করে, সে ইসলামের দল হতে পারে না। বরং সে মানবতার শত্রু, অমানুষ ও শয়তানের অনুসারী।”
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের খুন-সন্ত্রাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ চক্রের ইতিহাস রক্তাক্ত। তাদের মতবাদ ইসলামের ছদ্মনামে ইসলামের প্রকৃত আদর্শকে ধ্বংস করছে।
আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, ওয়াবিবাদ, মওদুদিবাদসহ তথাকথিত ইসলামি রাজনীতির নামে যেসব মতবাদ চালানো হচ্ছে, তা প্রকৃত ইসলামের বিপরীত। ইসলাম যে মানবতার রাজনীতির শিক্ষা দিয়েছে, সেখানে সকল মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও মর্যাদার নিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, একক ধর্ম বা একক জাতিগত গোষ্ঠীর নামে রাষ্ট্র কায়েম করা ইসলামে নিষিদ্ধ। ধর্মের নামে গোষ্ঠীবাদী রাজনীতি আসলে অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়।
রাজাকার–ওয়াবিবাদি–তালেবানি জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাস, খুন, মবসন্ত্রাস, হুমকি ও দখলদারিত্বের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আল্লামা ইমাম হায়াতের ভাষায়, “ধর্মের শান্তিময় ও মানবিক ধারার শক্তির ঐক্যই জীবন, রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষার একমাত্র পথ।”