ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সকল প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
শাহেদুল আজম সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, আমরা বিশ্বাস করি ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওপর কোনো সরাসরি প্রভাব ফেলবে না। তবে এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেও ছাত্রসমাজ যে ধৈর্য, সহনশীলতা ও সংযম প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা সহিংসতা থেকে নিজেদের দূরে রেখেছে এবং এটাই দেখতে চেয়েছিলেন দেশের সাধারণ মানুষ।
তিনি আরও উল্লেখ করেন, গত সরকারের আমলে দেশের নির্বাচন প্রক্রিয়া যে নাজুক ও বিতর্কিত অবস্থার মধ্য দিয়ে গিয়েছিল, তা এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষ নতুনভাবে উপলব্ধি করতে পারছে। জনগণ বুঝতে পারছে, পরিবর্তনের সম্ভাবনা এখনো রয়েছে।
ব্যারিস্টার শাহেদুল আজম মনে করেন, এখন সময় এসেছে জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ দেওয়ার। তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে আমাদের এখন জাতীয় নির্বাচনের প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারীরা প্রমাণ করেছে, ছাত্রসমাজ এখনো গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। আমরা আশা করি, এ নেতৃত্ব ভবিষ্যতে দেশের রাজনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।
এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও নানা আশঙ্কার মধ্যেও সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়াকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে এনডিএম। দলটির মতে, এটি দেশের গণতন্ত্র পুনর্গঠনে নতুন আস্থার জন্ম দিয়েছে।