রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি চলে।

শিবিরে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ৩৯ জন রোগীকে চোখের ছানি অপারেশনের উদ্দেশ্যে বিভাগীয় শহর রংপুরে প্রেরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, দারিদ্র্যের কারণে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসা নিতে পারেননি। বিনামূল্যে এ শিবির থেকে সেবা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিবির উদ্বোধন ও পরিদর্শন করেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মকসুদার রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য; আতা ই রাব্বী হৃদয়, সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগ, কালীগঞ্জ উপজেলা শাখা; মাওলানা মতিউল ইসলাম খান, আমীর, মদাতি ইউনিয়ন শাখা; ডা. সদরুল আলম সাজু, সেক্রেটারি, মদাতি ইউনিয়ন শাখা; আব্দুর রাফি, সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগ, মদাতি ইউনিয়ন শাখা; এবং আসাদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মদাতি ইউনিয়ন শাখা।

শিবির শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই। কারো চোখের আলো ফিরিয়ে দিতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

স্থানীয়দের মতে, মানবিক এ আয়োজন দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।