লালমনিরহাটের পাটগ্রামে মাথায় গাছ পড়ে রহমত আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়ারপাড় এলাকার কবরস্থানের একটি গাছ কাটতে থাকে কয়েকজন কাঠুরে। এ সময় পার্শ্ববর্তী বাড়ীর সুপারির গাছের উপর হঠাৎ কাঠুরিয়াদের অর্ধকাটা গাছ পড়ে। এতে সুপারির গাছ ভেঙে বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর (৪৮) মাথায় পড়ে। এ সময় মাথা ফেটে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় রহমত।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতের স্বজনদের করা অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’