রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বল্প খরচে কিডনি চিকিৎসা: ডিএনসিসি-সোনার বাংলা ফাউন্ডেশনের সমঝোতা


প্রকাশ :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম ধাপে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যেখানে স্বল্প খরচে কিডনি রোগীদের চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা দেওয়া হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গুলশান নগর ভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান (অঃ দাঃ) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিও মো. আসাদুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, আর সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে কিডনি রোগীদের জন্য আধুনিক ডায়ালাইসিস সেন্টার চালু করা হলেও ভবিষ্যতে এটিকে বিশ্বমানের কিডনি হাসপাতাল ও কিডনি প্রতিস্থাপনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টারটি পরবর্তীতে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের জন্য ডিএনসিসি সর্বাত্মক সহায়তা দেবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্ব ঢাকায় কিডনি চিকিৎসার ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে।” তিনি আরও বলেন, “ফিলানথ্রপিক মডেলে পরিচালিত অনেক শহরের সফল উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা ঢাকাকে ন্যায্য ও বাসযোগ্য শহরে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সুবিধাবঞ্চিত মানুষ।”

সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী বলেন, “নগরের নিম্নআয়ের মানুষদের জন্য এই হাসপাতাল কার্যকর ভূমিকা রাখবে। কিডনি চিকিৎসার ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও সমাজসেবীদের উদার সহযোগিতায় ফাউন্ডেশনটি দেশের স্বাস্থ্যখাতে কাজ করছে।

অনুষ্ঠানে সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মো. আসাদুল ইসলাম সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ডিএনসিসির সঙ্গে নতুন প্রকল্পের রূপরেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বলেন, ঢাকায় স্বল্প খরচে কিডনি চিকিৎসা সুবিধা চালু হওয়া সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়াবে।