লালমনিরহাটের স্বাস্থ্যখাতের গর্ব, সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও খ্যাতিমান চিকিৎসক আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলাম আর নেই। বুধবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ডা. সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বুধবার (৩ সেপ্টম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. সিরাজুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্ব পালনকালে অসংখ্য রোগীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। দরিদ্র রোগীদের প্রতি সহানুভূতিশীল ব্যবহার, মানবিক চিকিৎসা সেবা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি জেলার মানুষের কাছে এক অনন্য চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তার ছাত্র ও সহকর্মীরা জানান, চিকিৎসক হিসেবে যেমন তিনি দক্ষ ছিলেন, তেমনি একজন সৎ, নীতিবান ও নির্লোভ মানুষ হিসেবেও সবার শ্রদ্ধা কুড়িয়েছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সহকর্মী চিকিৎসক সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, লালমনিরহাট শাখা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এছাড়া লালমনিরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম শোকবার্তায় বলেন, ডা. সিরাজুল ইসলামের মৃত্যু লালমনিরহাটবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন মানবিক চিকিৎসক, জনদরদি ও সমাজসেবক। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। এছাড়াও তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
স্থানীয়ভাবে অনেকেই বলেছেন, তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না, ছিলেন সবার আশ্রয়দাতা ও নির্ভরতার প্রতীক। তার ইন্তেকালে লালমনিরহাটবাসী একজন সৎ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তিত্বকে হারালো।