লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তার সরকারি গাছের ভেঙে পড়া ডাল কুড়ানোকে কেন্দ্র করে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়রা।
রবিবার (৩১ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। তিনি গত ১৫ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ১৭ আগস্ট উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃষ্টিতে ভেঙে পড়া সরকারি গাছের ডাল কুড়ানো নিয়ে আনোয়ার ও শহিদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল আনোয়ারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ সকালে তিনি মারা যান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।