রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিনবিঘা করিডোরে গাড়ি ও গবাদি পশু চলাচলে বাধা, জামায়াতের বিক্ষোভ মিছিল


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদি পশু ও কৃষিপণ্য পরিবহনে গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন দহগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, পাটগ্রাম উপজেলার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ।

বক্তারা দাবি করেন, দহগ্রাম ইউনিয়নের ১৮ হাজার বাসিন্দা এখনও স্বাধীনভাবে চলাচল করতে পারছে না। ভারত নিয়ন্ত্রিত একমাত্র সড়ক তিনবিঘা করিডোর দিয়ে ভারী গাড়ি (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান) ও গবাদি পশু (গরু, ছাগল, মহিষ) নিয়ে যাতায়াত করা যায় না। এতে স্থানীয় কৃষকেরা উৎপাদিত ধান ও ভুট্টা পাটগ্রামে নিয়ে যেতে পারছেন না। প্রতি সপ্তাহে ৬০টির বেশি গবাদি পশু বিক্রির জন্য বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না।

সমস্যার সমাধানে জামায়াত স্থানীয় প্রশাসনকে ১১ দফায় বাসিন্দাদের জীবন-যাপনের সমস্যা উল্লেখ করে একটি স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছে।