রংপুরের তারাগঞ্জে গণপিটুনীতে হত্যার শিকার রুপলালের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি ও জামায়াত। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তারাগঞ্জ কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় রুপলালের বাড়িতে যান উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা। এ সময় তারা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং রুপলালের স্ত্রী মালতির কাছে নগদ ৭০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, জেলা বিএনপি’র সদস্য মতিয়ার রহমানসহ অন্যরা।
এদিকে দুপুরে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও নিবার্হী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম রুপলালের পরিবারের সাথে সাক্ষাত করেন। এ সময় সমবেদনা জ্ঞাপন, আর্থিক সহায়তা প্রদানসহ রুপলালের মেয়ে নুপুরের বিয়েতে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই কিভাবে মানুষকে মানুষ পিটিয়ে মারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মবজাস্টিসে বিশ্বাস করেনা। কারণ আইন নিজের হাতেতুলে নেয়ার অধিকার কারো নেই। আমরা দোষীদের বিচার দাবী করছি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯ টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে রূপলাল ও প্রদীপের ভ্যান থামিয়ে কিছুযুবক মদের ব্যাগ কেড়ে নেয় এবং চোর চোর বলে চিৎকার করে। এ সময় স্থানীয়দের গণপিটুনীতে রুপলালের মৃত্যু হয়। পরে ১০ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত প্রদীপ মারা যান।