‘বাংলাদেশ আমার অহংকার’— এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামে অভিযান চালায়।
রংপুর থেকে ঢাকাগামী পাকা সড়কে জনৈক মোঃ শফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট কালিগঞ্জ এর আব্দুল আজিজ এর ছেলে মোঃ রিফাত মিয়া (১৯), গ্রেফতার করা হয়।
অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।